বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে ১২টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি হত্যা এবং অন্যান্য ধারায় মামলা ৯টি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চার্জশিট হওয়া তিনটি হত্যা মামলার সবগুলোই শেরপুর জেলার। অন্যান্য ধারার ৯টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি, সিরাজগঞ্জ জেলার ২টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি মামলা রয়েছে।
বার্তায় আরও বলা হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলা তদারক করছেন। রুজুকৃত সব মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে।