স্পোর্টস ডেস্ক: আর মাত্র দু’দিন পরই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার কথা ইংল্যান্ডের। তার আগেই দুঃসংবাদ শুনতে হলো বেন স্টোকসদের। দলের তিন ক্রিকেটার ও চার কোচিং স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমানে তাদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে। স্বাগতিক শিবিরে এমন দুঃসংবাদের পর নতুন করে দল ঘোষণা করতে যাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইসিবি)।

আইপিএলের সময় ইনজুরিতে পড়া বেন স্টোকস দলে ফিরেছেন। আসন্ন এই সিরিজে ইংলিশদের নেতৃত্ব দেবেন তিনি। দলে যারা নতুন করে আসছেন তাদের ও সাপোর্টিং স্টাফদের পিসিআর টেস্ট করানো হবে। সকল প্রক্রিয়া মেনে তাদের দলের সঙ্গে যুক্ত করা হবে।

ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার যে শঙ্কা করা হচ্ছে আমরা তাতে সতর্ক। আমরা আমাদের সুরক্ষা বলয় নিয়ে সচেতন এবং আরও জোরদার করার চেষ্টা চালাচ্ছি। ১৪ মাস ধরে ক্রিকেটার, স্টাফরা নিজেদের নিয়ন্ত্রণে রাখছে। সামনে তাদের আরও সচেতন থাকতে হবে।’

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। ৮ জুলাই সিরিজের প্রথম ওয়ানডে হবে কার্ডিফে। পরের দুইটি ওয়ানডে হবে ১০ ও ১৩ জুলাই। তিনটি টি-টোয়েন্টি হবে ১৬, ১৮ ও ২০ জুলাই।