রাত পোহালেই ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। এরপরই ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে হবে জামাল-হামজাদের। আর এই দুই ম্যাচ নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাই একটি থিম সং–টিভিসি বানানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই বাফুফেকে ৬০ লাখ টাকা প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এর আগে, গত ২৬ মে সিঙ্গাপুর ও ভুটান ম্যাচ আয়োজনে আর্থিক সহায়তার জন্য ৬৫ লাখ টাকা চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ওই চিঠির প্রেক্ষিতে আসন্ন দুই ম্যাচ তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ৬০ লাখ টাকা প্রদান করেছে এনএসসি।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ হুমায়ুন কবির গত ২৯ মে বাফুফেকে এই সংক্রান্ত চিঠি দেন। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এই দুই ম্যাচ আয়োজনের পাশাপাশি থিম সং ও টিভিসি প্রস্তুত করে তা যথাযথ প্রচার এবং প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশনা দিয়েছে এনএসসি।
বাফুফে আনুষ্ঠানিক চিঠিতে খেলা আয়োজনের জন্য আর্থিক সহায়তা চাইলেও মূলত থিম সং এবং টিভিসি প্রচারের জন্যই তারা এই অর্থ ব্যয় করবেন বলে জানা গেছে।
আগামীকাল সন্ধ্যায় ভুটান ম্যাচ। অথচ এখন পর্যন্ত ফুটবলাঙ্গনে থিম সং কিংবা মিডিয়ায় টিভিসি দেখা যায়নি। সিঙ্গাপুর ম্যাচ নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন এবং সামাজিক মাধ্যম সর্বত্র আলোচনা। এরপরও আবার টিভিসি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সাধারণত কোনো বড় টুর্নামেন্টের সময় থিম সং ব্যবহার করতে দেখা যায়। একটি এশিয়ান কাপ বাছাই, আরেকটি প্রীতি ম্যাচের জন্য কখনও থিম সংয়ের ব্যবহার ইতোপূর্বে দেখা যায়নি। তাই যেখানে নিজেদের ক্রীড়াসঙ্গীতের বেহাল দশা সেখানে এই খাতে ৬০ লাখ টাকা প্রদান করা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
এ ছাড়াও সিঙ্গাপুর ম্যাচ নিয়ে একাধিক স্পন্সর পেয়েছে বাফুফে। এরপরও ম্যাচ আয়োজনের জন্য সহযোগিতা চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের। ফুটবলের স্বার্থে দেশের সর্বোচ্চ ক্রীড়া সংস্থাটি বাফুফেকে তাৎক্ষণিকভাবে বরাদ্দ দিয়েছে। অথচ দেশের ক্রীড়াঙ্গনের প্রকৃত অভিভাবক এনএসসিকে বাফুফে এখনও ভুটান-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে রেখেছে ধূম্রজালে।