জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকালীন সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। এই খবর অবশ্য পুরোনো, নতুন খবর, এনএসসির দেয়া সেই প্রস্তাবে রাজি হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
দিন তিনেক আগে ব্যক্তিগত কাজে দেশে আসেন বুলবুল। বুধবার (২৮ মে) রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় এক বৈঠকে বসেন বুলবুল। যে মিটিংয়ে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
সেই বৈঠকেই প্রস্তাবে সাড়া দেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
নির্বাচনকালীন সভাপতি হওয়ার আলোচনা শোনার পর থেকেই একটা সন্দেহ দানা বেধেছিল। বুলবুল যেহেতু আইসিসিতে (ডেভলপমেন্ট কমিটি) কাজ করেন, তার পক্ষে কি দায়িত্ব নেয়া সম্ভব? বিশেষ এই বৈঠকে বুলবুল নিশ্চিত করেছেন, ৩-৪ মাসের জন্য দায়িত্ব নিতে সমস্যা নেই তার।
এদিকে, বর্তমান সভাপতি ফারুক আহমেদের সাথে মিটিংয়ে এনএসসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সেই বৈঠকে একটা প্রস্তাবও দিয়েছেন ফারুক। যেহেতু অক্টোবরে নির্বাচন, তিনি নির্বাচন পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চান, প্রয়োজনে নির্বাচনও করবেন না।
এই সময়ে গঠনতন্ত্র সংশোধনের পাশাপাশি প্রয়োজনে নির্বাচন এগিয়ে আনার কাজও করবেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। বোর্ড পরিচালক হিসেবে তিনি, নাজমুল আবেদীন ফাহিমসহ একাধিক নতুন মুখকে দেখা যায় বিসিবির দায়িত্বে। পরবর্তীতে সম্মিলিত সিদ্ধান্তে ফারুক আহমেদ হন বিসিবির সভাপতি।