অন্তর্বর্তীকালীন সরকারের যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লকের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (২৪ মে) দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে. উপদেষ্টার এপিএস হিসেবে ‘ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগে বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে সংস্থার একটি দল মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদ পর সাংবাদিকদের কাছে মোয়াজ্জেম দাবি করেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। একটি পক্ষ ছাত্রদের টার্গেট করে মিথ্যা ছড়াচ্ছে। দুদকের চিঠি পেয়ে আমি নিজে হাজির হয়েছি। আমার পদত্যাগ নিয়ে কিছু গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশ হয়েছে। আমি বিসিএস ভাইভার প্রস্তুতির জন্য ২৫ মার্চ পদত্যাগ করেছিলাম। সেই আবেদনের প্রেক্ষিতে আমাকে অব্যাহতি দেওয়া হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছু ভুল ছিল। আর দুর্নীতির অভিযোগ এসেছে পদত্যাগের পর।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল মোয়াজ্জেম পদত্যাগ করেন। এরপর ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নিজেই গণমাধ্যমে জানান, সাবেক এপিএসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিনি দুদককে অনুরোধ জানিয়েছেন।