আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে দাবা খেলা। জুয়ার উৎস হওয়ার কথা উল্লেখ করে খেলাটি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে দেশটির তালেবান সরকার।
এক ক্রীড়া কর্মকর্তার বরাতে রোববার (১১ মে) দেশটি জানিয়েছে, দাবা খেলা তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে অবৈধ।
২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার ধীরে ধীরে ইসলামী আইনের প্রতি তাদের কঠোর দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিভিন্ন নিয়ম-কানুন জারি করে আসছে।
সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ফরাসি গণমাধ্যম ফ্রান্স-২৪।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের ক্রীড়া পরিচালনা অধিদফতরের মুখপাত্র আতাল মাশওয়ানি এএফপিকে বলেন, শরিয়ত (ইসলামী আইন) অনুযায়ী দাবাকে জুয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। যা গত বছর ঘোষিত ‘সদাচার প্রচার ও অসদাচার নিষিদ্ধকরণ’ আইনে নিষিদ্ধ।
তিনি বলেন, দাবা খেলার বিষয়ে ধর্মীয় বিবেচনা রয়েছে এবং এই বিবেচনাগুলো সমাধান না হওয়া পর্যন্ত আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে।
গত কয়েক বছর ধরে কাবুলে অনানুষ্ঠানিক দাবা প্রতিযোগিতার আয়োজন করছেন আজিজুল্লাহ গুলজাদা। একটি ক্যাফের মালিক গুলজাদা জানান, তার প্রতিষ্ঠানে জুয়ার কোনো ঘটনা ঘটেনি এবং তিনি উল্লেখ করেন, অন্যান্য মুসলিম-অধ্যষিত দেশেও দাবা খেলা হয়।
তালেবান সরকার সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য খেলাধুলাতেও হস্তক্ষেপ করেছে। দেশে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে তারা।