এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুনর্গঠন কর‌ছে অন্তর্বর্তী সরকার। এজন‌্য একজন উপ‌দেষ্টার নেতৃ‌ত্বে পাঁচ সদ‌স্যের ক‌মি‌টি গঠন করেছে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানান।

তি‌নি ব‌লেন, “আজ‌কের বৈঠ‌কে অনেক বিষ‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। র‌্যাব পুনর্গঠন নি‌য়ে বে‌শি আলোচনা হ‌য়ে‌ছে। র‌্যাব পুনর্গঠন কিভা‌বে হ‌বে, এটা এ না‌মে থাক‌বে কিনা, এই ফোর্স থাক‌বে কিনা, কিভা‌বে অর্গানাইজ করা হ‌বে-সব বিষ‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। এজন‌্য আমরা একটা ক‌মি‌টি ক‌রে দি‌য়ে‌ছি।”

উপদেষ্টা ব‌লেন, “জেনা‌রেল হা‌ফিজের নেতৃ‌ত্বে একটা ক‌মি‌টি ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। আইনশৃঙ্খলা বা‌হিনীর প্রধান‌দের সদস‌্য ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে কমিটিতে। পাঁচ সদ‌স্যের ক‌মি‌টি থাকবে। প্রয়োজ‌নে এতে কো-অপ্ট কর‌তে পার‌বে।”

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না
এখন থে‌কে পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন।”