নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন,
“বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আসুন, আমরা নৈতিকতা ও সততার সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা এবং সত্য সম্পর্কে প্রতিবেদনকারী সাংবাদিকদের সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ হই।”

তিনি বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের কাজকে অবশ্যই রক্ষা করতে হবে, কোনোভাবেই দমন করা যাবে না।

তারেক রহমানের অভিযোগ, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসকের পৃষ্ঠপোষকতায় সংবাদমাধ্যমের স্বাধীনতার একটি নিয়মতান্ত্রিক অবক্ষয় ঘটেছে।
তার ভাষায়, “সেই অন্ধকার বছরগুলোতে অবিস্মরণীয় সাহস ও প্রতিশ্রুতির সঙ্গে অনেক বাংলাদেশি সাংবাদিক দুর্নীতি, মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন এবং আর্থ-সামাজিক ব্যর্থতা থেকে শুরু করে নানা বিষয়ে আলোকপাত করেছেন, যা রাষ্ট্র দ্বারা সংঘটিত হয়েছিল।”

তিনি আরও বলেন, এই সাহসী সাংবাদিকরা মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে, দেশ-বিদেশে সর্বত্র সত্য অনুসন্ধানে অবিচল ছিলেন।
তারা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে ও মতপ্রকাশের মৌলিক অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছেন।

তারেক রহমান জানান, বিএনপি এমন এক নতুন ধারার সাংবাদিকতা থেকে অনুপ্রেরণা নেয়, যেখানে সর্বোচ্চ নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় থাকে।
তিনি বলেন, “আমরা এমন সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতাকে সম্মান করি, যা আমাদের দলের দৃষ্টিভঙ্গির সঙ্গে নাও মিলতে পারে। আমাদের বিশ্বাস, সংবাদমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে।”

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, নিরপেক্ষ ও সৎ সাংবাদিকতা রাজনীতির ঊর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করে।
তারেক রহমানের মতে, “আমাদের যদি শক্তিশালী ও স্থিতিশীল গণতন্ত্র টিকিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই সাংবাদিকতার স্বাধীনতা বজায় রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আসুন, আমরা সমস্ত মতপার্থক্যকে একপাশে সরিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে নির্বাচিত, জবাবদিহিমূলক সরকারগুলো মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং সংবাদমাধ্যমসহ সকলের জন্য আইনের শাসন নিশ্চিত করবে।”

উল্লেখ্য, তারেক রহমান তার পোস্টের সঙ্গে ২০০৯ সালে অনুষ্ঠিত দলের সর্বশেষ জাতীয় কাউন্সিলের আদলে আঁকা একটি প্রতীকী কমিক চিত্রও সংযুক্ত করেন।