মাঠ পর্যায়ে কাজ করা পুলিশ সদস্যের কল্যাণে পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (১৯ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সভায় এই নির্দেশনা দেন তিনি।
আলোচনা সভায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে পুলিশ সদস্যের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
নির্দেশনাগুলো হলো—
১। ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা।
২। পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেওয়া।
৩। পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০% এর নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা।
৪। ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা।
৫। পুলিশের এসআই ও এএসআই র্যাংকের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।
ড. ইউনূস বলেন, কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করে যাদের পারফর্ম্যান্স অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে হবে।
এর আগে, গত সোমবার (১৭ মার্চ) তৃণমূল পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। ওই অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান।