চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার চন্দন দাশ ও রাজিব ভট্টাচার্য্যকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (১৭ মার্চ) চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন।
শুনানি শেষে আদালত জেলগেটে এক দিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন। শুনানিকালে আসামি চন্দন ও রাজিব আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি চন্দন ও রাজীব ২০২৪ সালের ৯ ডিসেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। চন্দন তার স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে শিবা নামের একজন আসামির নাম উল্লেখ করেছিলেন। রাজীব তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওমবাই নামের একজন আসামির নাম বলেছিলেন। মামলার তদন্তের স্বার্থে শিবা ও ওমবাইয়ের পূর্ণ নাম ঠিকানা সংগ্রহ ও আরো তথ্য নিতে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মামলার দরখাস্তে উল্লেখ করেন মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।
গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তার ভক্ত-অনুসারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় চিন্ময় অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
তার মৃত্যুর জন্য ইসকন সদস্যদের দায়ী করেন আইনজীবীরা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে নিহতের বাবা জামাল উদ্দিন মামলা করেন। এই মামলায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।