
স্পোর্ট ডেস্ক: ইউরোপা লিগের ফাইনালে আজ বুধবার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়াল। পোল্যান্ডের গদানস্কে ম্যাচটি শুরু হবে দিবাগত রাত ১টায়। হোসে মরিনহো বহিষ্কৃত হবার পর রেড ডেভিলদের দায়িত্ব নেন ওলেগানার শুলসার। তার অধীনে এবারই প্রথম কোনো শিরোপা ঘরে তোলার সুযোগ পাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে ইউরোপা লিগের প্রথম শিরোপা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে প্রতিপক্ষ ভিয়ারিয়াল।
ফাইনালের মহারণে নামার আগে অবশ্য কিছুটা ব্যাকফুটে আছে ম্যান ইউনাইটেড। ইনজুরিতে ছিটকে গেছেন দলের অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ার। তবে ইপিএলে নিজেদের সবশেষ ম্যাচে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন ওলে। যার ফলে পোল্যান্ডে সতেজ হয়েই মাঠে নামবেন কাভানি-পগবা-ব্রুনো ফার্নান্দেজরা।
এর আগে ২০১৬-১৭ মৌসুমে আয়াক্সকে হারিয়ে নিজেদের প্রথম ইউরোপা লিগ শিরোপা জিতেছিল ম্যানচেস্টার জায়ান্টরা। ভিয়ারিয়ালের বিপক্ষে এর আগে চার বার মুখোমুখি হয়েছিল রেড ডেভিলস। সবগুলো ম্যাচই শেষ হয় সমতায়।