সচিবালয়ে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় মারা যাওয়া ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়নের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাত সাড়ে ৯টার দিকে নয়নের মরদেহ বহনকারী ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌঁছায়। এসময় নয়নকে শেষবারের মতো একনজর দেখার জন্য ছুটে আসেন অনেকে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ নামানোর পর তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে। পরে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। রাত সাড়ে ১০টায় বাড়ির পাশের একটি মাঠে সোহানুরের জানাজা অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা সচিবালয়ে আগুন লাগার খবর পান। রাত ১টা ৫৪ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ১০ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকের ধাক্কায় মারা যান নয়ন।