লায়ন জে. জাহান চৌধুরী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি টেনিসসহ অন্যান্য খেলার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গণভবনে শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯ এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন। উল্লেখ্য টুর্নামেন্টের শীর্ষ পৃষ্ঠপোষক ছিল দেশের অন্যতম ক্রীড়া বান্ধব কর্পোরেট হাউস সাইফ পাওয়ারটেক। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ ১৯টি দেশের ২১টি ক্লাবের ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল এবং স্থানীয় সংসদ সদস্য সালাম মুর্শেদী এবং শেখ সালাহউদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন। সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক ও বরেন্য ক্রীড়া সংগঠক তরফদার মো: রুহুল আমিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তরফদার মো: রুহুল আমিন বলেন,” মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নির্দেশনায় ক্রীড়াক্ষেত্র সহ সব সেক্টরে দেশ আজ এগিয়ে যাচ্ছে।দেশের ক্রীড়া উন্নয়নে সাইফ পাওয়ারটেক সর্বদাই সম্পৃক্ত থাকবে” ।
প্রধানমন্ত্রী খুলনায় শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯’র মতো একটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করায় সব আয়োজকদের ধন্যবাদ জানান। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্ট গত ১৩ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায় ১৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত খুলনার শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সে ‘শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট’ আয়োজন করে খুলনা জেলা প্রশাসন।
