হালিম মো. জয়ঃ ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার হাসপাতাল পরিদর্শন করলেন কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব সাইমুম সরওয়ার কমল। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কতিপয় অব্যবস্থাপনা বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
তিনি হাসপাতালের প্যাথলজি বিভাগ, পরিচ্ছন্নতা ব্যবস্থা সহ বিভিন্ন বিভাগে জনগণকে উন্নত সেবা প্রদান নিশ্চিত করার জন্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি দেবার জন্যে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেন। সম্প্রতি বিদেশি অর্থায়নে নির্মিত আই সি উ ও সি সি ইউ কার্যক্রম ডাক্তারসহ অন্যান্য জনবল সংকটে আপাতত স্থগিত থাকায় উদ্বেগ প্রকাশ করেন। এই সময় তিনি ভর্তি রোগীদের সাথেও কথা বলেন।
সৌদি আরবের আর্থিক সহায়তায় ৮৬ জন কর্মরত জনবল ফেব্রুয়ারি মাসের পর থেকে ফান্ড বন্ধ হয়ে যাওয়ায় আর হাসপাতালে কাজ করছেনা, ফলে হাসপাতালের বিভিন্ন বিভাগে তীব্র জনবল সংকট বিরাজ করছে। এ সমস্যা সমাধানে তিনি সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে দ্রুত উদ্যোগ নেবার উপর গুরুত্ব আরোপ করেন। ব্লাড ব্যাংক পরিদর্শনকালে তিনি এর সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
এই সময় তার সংগে হাসপাতালের তত্বাবধায়ক ডা. সোলতান আহমদ সিরাজী, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী, ডা. বিধান পাল, জনাব রুস্তম চৌধুরী, অন্যান্য চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।