আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ প্রার্থীদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করার আহবান জানিয়ে বলেছেন, যদি জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপি নির্বাচন বয়কটের ঘোষণাও দেয় তবুও আপনারা বিভ্রান্ত হবেন না।
তিনি বলেন, ‘আমি সবাইকে সাবধান করে দিচ্ছি বিএনপি-জামায়াতের একটি চরিত্রই রয়েছে নির্বাচনের মাঝপথেই তারা ঘোষণা দিতে পারে নির্বাচনে আমরা অংশ নিব না এবং আমরা নির্বাচন বয়কট করলাম। সেক্ষেত্রে আমি আমাদের প্রার্থী এবং অন্যদলের যারা রয়েছেন তাদেরকে বলবো নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট চালিয়ে যেতে।’
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ডা. মাহবুবুর রহমাকে দেখতে গিয়ে একথা বলেন। ডা. মাহাবুব বিএনপি-জামাতের সন্ত্রাসি হামলায় গুরুতর আহতাবস্থায় সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।