আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পরাজয় নিশ্চিত জেনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কন্ঠে হতাশার সুর বেজে উঠেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে এখন পর্যন্ত অনুকূল, শান্তিময় ও সুষ্ঠু পরিবেশ রয়েছে।’ শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় নোয়াখালী-৪ আসনের প্রার্থী একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগ নেতা শামছুদ্দিন সেলিম, মাহমুদুর রহমান জাবেদ, আব্দুল মমিন ও আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্টসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, অন্যান্য দেশের মতই বাংলাদেশে নির্বাচন হচ্ছে । নির্বাচন কমিশনকে একটা স্বচ্ছ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকার সহায়তা দিচ্ছে। এখানে সরকার কেবলমাত্র সহায়ক ভূমিকার দায়িত্ব পালন করছে। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সরকার সহায়তার কাজ করছে। আমার বিশ্বাস নির্বাচন সঠিক পথেই চলছে।