বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করছেন- সে বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। সোমবার বিকেলে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি।

হেলালুদ্দীন আহমদ – ফাইল ছবি

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, ‘তারেকের অনলাইন কার্যক্রম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। তাই এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই।’

দুই দিন ধরে গুলশানে বিএনপির চেয়ারপরসন অফিসে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। এই সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান স্কাইপের ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে অংশ নিচ্ছেন। তিনি সরাসরি প্রশ্নও করছেন প্রার্থীদের। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলো আওয়ামী লীগ। তার প্রতিক্রিয়ায় সোমবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে এই কথা জানান ইসি সচিব।