ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না বলে মন্তব্য করেছেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডিবিপ্রধান।
রেজাউল করিম বলেন, ডিবি অফিসে নায়ক-নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না। ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায়ও আর থাকবে না। একইসাথে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কেউ গ্রেফতার হলে লুকোচুরি নয়, সাথে সাথে স্বজনদের জানানো হবে। এছাড়া ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।
ডিবি প্রধানের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে এলেন রেজাউল করিম মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার, উপকমিশনার ও ডিসি মিডিয়া।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ডিবি প্রধানের দায়িত্ব গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।