ক্রীড়া আলো ডেস্কঃ নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আইসসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ। সম্প্রতি মালয়েশিয়াতে অনুষ্ঠিত নারীদের এশিয়া কাপে অপ্রতিরোধ্য ভারতকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কিন্তু সে টুর্নামেন্টে বাংলাদেশ এক ম্যাচ হেরেছিল।

টস- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
শনিবার ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে সালমা খাতুনের দল। এ টুর্নামেন্টে গ্রুপ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পাশাপাশি নভেম্বর মাসে ওয়েস্টইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপ টি-২০ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের মেয়েরা।
নেদারল্যান্ডসের উটরেচে অনুষ্ঠিত চুড়ান্ত বাছাইপর্ব এর ফাইনাল খেলায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। সর্বোচ্চ ৪৬ রান করেন দলের পক্ষে ওপেনার আয়েশা রহমান। ১৭ রান করেন ফারজানা হক। সিয়ারা মেটক্যাফে ২টি, ও’রেইলি ৪টি ও কিম গার্থ ১টি উইকেট শিকার করেন আয়ারল্যান্ড দলের হয়ে।

ক্রীড়া আলো-ফাইল ছবি
জবাবে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৯৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। লুইস ৩০ বলে ২৬ ও এমার ১৯ বলে ২৩ রান করেও ঠেকাতে সক্ষম হননি আয়ারল্যান্ড দলের পরাজয়। চার ওভার বল করে ১৬ রান দিয়ে বাংলাদেশ দলের হয়ে পাঁচটি উইকেট শিকার করে ম্যাচ সেরা হন পান্না ঘোষ। এছাড়াও নাহিদা আক্তার ২টি, রুমানা আহমেদ ২টি ও জাহানারা আলম ১টি করে উইকেট শিকার করেন।
