
ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে চট্টগ্রাম সিটি মেয়র মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন।
ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে মঙ্গলবার। কমিটিতে সভাপতি পদে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং মহাসচিব পদে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৯ মে) নগরের আগ্রাবাদ হোটেলে আয়োজিত অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়। এতে ৮টি বিভাগ ও ৬৪টি জেলার ফুটবল সংগঠকেরা উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য তুলে ধরে সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশে এখন ফুটবলের ক্রান্তিকাল চলছে। আন্তর্জাতিক ফিফা র্যাংকিংয়ের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। মৃত এ ফুটবলকে জাগাতে হবে। বাংলাদেশ ফুটবলকে দেশের গণ্ডি থেকে বের করে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে হবে। এ জন্যে নতুন উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, অ্যাসোসিয়েশনের এ কমিটির মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চ্যালেঞ্জ করা আমাদের উদ্দেশ্য নয়। বরং ফুটবলের উন্নয়নে তাদের সব ভালো উদ্যোগে সহায়তা করবো আমরা।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদ্য নির্বাচিত মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিন। ছবিঃ ইন্টারনেট।