প্রিয় আলো: নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনবিচ্ছিন্ন, অনৈতিক সরকার রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার জন্য মিথ্যা মামলা-নথি তৈরি করে খালেদা জিয়াকে সাজা দিয়েছে সরকার। এ রায় দেশের জনগণ কোনো দিন গ্রহণ করবে না। আমরা অত্যন্ত ঘৃণার সঙ্গে এ রায় প্রত্যাখ্যান করছি।’

রায়ের প্রতিবাদে কাল শুক্রবার নামাজের পর সারা দেশের প্রতিটি জেলা-উপজেলায় শান্তিপূর্ণভাবে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম।

দলের প্রতি খালেদা জিয়ার নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের সহিংস এবং হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার কথা বলেছেন খালেদা জিয়া। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ধৈর্য ধরতে হবে। তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ের প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।