প্রিয় আলো: মিয়ানমারের সরকারপ্রধান অং সান সু চি’র বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়েছে।তবে, সেসময় বাড়িতে ছিলেন না সু চি।

এ বিষয়ে মিয়ানমার সরকারপ্রধানের মুখপাত্র জাও হতাই সাংবাদিকদের বলেন, পেট্রোল বোমা ছোড়া হয়েছে। তবে ছোট এবং বিরল এ হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।কে বা কারা বোমাটি ছুঁড়েছে, তা জানতে পারেনি দেশটির কর্মকর্তারা। সন্দেহভাজনদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

ইয়াঙ্গুনের ওই বাড়িতে হামলা হলেও সু চি এখন রয়েছেন রাজধানী নেপিদোতে। সেখানে তিনি তার দল এনএলডির ক্ষমতা গ্রহণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সংসদে ভাষণ দেবেন।

দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করে সু চি তুমুল নন্দিত এমনকি নোবেল শান্তি পুরস্কার পেলেও গত আগস্টে তার দেশের রাখাইনে সেনাবাহিনীর বর্বরোচিত রোহিঙ্গাবিরোধী নিপীড়নযজ্ঞে সমালোচনার মুখে পড়েন। সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থামাতে ব্যর্থ হওয়ায় সু চি বেশ কিছু পুরস্কার এবং সম্মাননাও হারান।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশ আশ্রয় নিয়েছে প্রায় ৬ লাখ ৬৭ হাজার রোহিঙ্গা। তাদের প্রত্যাবাসন নিয়ে কাজ করছে দুই দেশ।