প্রিয় আলো: সাফল্যের অগ্রযাত্রার ধারাহিকতায় দর্শকদের অনুরোধে আগামী ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার থেকে শ্যামলী সিনেমা হলে প্রথম সপ্তাহে ৪টি শো এবং স্টার সিনেপ্লেক্সে ২টি করে শো প্রর্দশিত হবে। এই স্পেশাল-শো’গুলোর টিকেট শ্যামলী সিনেমা হল ও স্টার সিনেপ্লেক্সেই পাওয়া যাবে। এই উৎসব মুহূর্তটা আরও আনন্দঘন করতে আয়নাবাজি’র দল এবং কলা কৌসুলি শ্যামলী হল এবং স্টার সিনেপ্লেক্স এ দর্শকদের সাথে সিনেমাটি আবারও উপভোগ করবেন।

এ বিষয়ে আয়নাবাজি চলচ্চিত্রটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর বলেন, – ”সিনেমা বানাতে গিয়ে নতুন নতুন আবিষ্কারের ঘটনা ঘটে। ‘আয়নাবাজি’ বানাতে গিয়ে আমার আবিষ্কার কম কিছু নয়। সবচেয়ে বড় আবিষ্কার ‘আয়নাবাজি’ বানিয়ে ফেলবার পর। ‘আয়নাবাজি’ বানিয়ে আমি আমার দেশের আপামর গণমানুষকে নতুনভাবে আবিষ্কার করেছি। এক সময়ের হলবিমুখ দর্শক সিনেমা ভালবেসে হলে এসেছে। ‘আয়নাবাজি’ দেখেছে। আমি বাংলাদেশের যেখানে গিয়েছি, কেউ না কেউ এসে আমাকে ‘আয়নাবাজি’ দেখে নিজের উচ্ছ্বাসে কথা জানিয়েছে। এখনো এসে অনেকে জিজ্ঞেস করে ‘আয়নাবাজি’ কি আবার দেখার উপায় আছে কিনা। জানাতে ভাল লাগছে, স্টার সিনেপ্লেক্স আর শ্যামলী সিনেমা হল আবার সেই সুযোগ করে দিচ্ছে। শুক্রবার থেকে এই দুটি হলে আবার ‘আয়নাবাজি’ প্রদর্শিত হবে। ফের ‘আয়নাবাজি’ দেখার আমন্ত্রণ।

আয়নাবাজি চলচ্চিত্রটির প্রযোজক ও টপ অব মাইন্ড এর সিইও জিয়া উদ্দিন আদিল বলেন, – “আয়নাবাজি দেশের জন্য একটা দৃষ্টান্ত এবং চলচ্চিত্র ইতিহাসে একটি অন্যতম মাইলফলক। যদিও টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে তবুও দর্শকদের হলমূখী করা প্রয়াসে আবারও সিনেমা হলে আসছে আপনাদের সকলের প্রিয় ‘আয়নাবাজি’ সিনেমাটি। দর্শকদের আবারও বড় পর্দায় সিনেমাটি দেখার সুযোগ করে দেয়ার জন্য শ্যামলী হল এবং স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ।