
ফয়সাল মাহমুদ: প্রিয় আলো: পরম করুণাময়ের নৈকট্য লাভের আশায় যেন গভীর ধ্যানে মগ্ন হয়ে যায় বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্ম-প্রাণ কয়েক লাখ মানুষের সমাবেশ।তবে ক্ষণে ক্ষণে লাখ লাখ মানুষের গগণ বিদারী ‘আমিন, ‘আমিন, ধ্বনিতে যেন প্রকম্পিত হয়ে ওঠে টঙ্গির তুরাগতীর।
রোববার (আজ ) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকার কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জোবায়ের আখেরি মোনাজাত শুরু করেন। মোনাজাত চলে ১০টা ৪৭ মিনিট পর্যন্ত।
ইজতেমা ময়দানের পাশাপাশি ময়দান সংলগ্ন সড়ক-মহাসড়ক, ফুটপাত, বাড়ির ছাদ, গাড়ি, ট্রেন, খোলা জায়গা, রাস্তার ধারে দোকানের সামনে খালি জায়গা কিংবা তুরাগ নদীর ওপর থেমে থাকা ট্রলার, নৌকা-যে যেখানে ছিলেন, সেখানে সে অবস্থায় দু’হাত তুলে মোনাজাতে শরিক হন।
বিশ্ব ইজতেমা ময়দানের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন মহিলারাও। কিন্তু ময়দানে মহিলাদের জন্য কোনো ব্যবস্থা না থাকায় তারা বিভিন্ন সড়কের আশ-পাশে ও বাসাবাড়ির ছাদে অবস্থান নিয়ে আখেরি মোনাজাতে শরিক হন। তবে অনেকে বলছেন মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, নয়তো তাদের আসা বন্ধ করা উচিত।
গত১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছিল প্রথম পর্ব। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ২য় পর্ব তথা ৫৩তম বিশ্ব ইজতেমা।