জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পানি সম্পদের পরিমিত ব্যবহার, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার বিষয়ে বিশ্বব্যাপী জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বলেন, পানির সুষম প্রাপ্যতা নিশ্চিত করতে পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎস হতে ভোক্তা অবধি পানির ন্যায়সঙ্গত বণ্টন ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে।
শুক্রবার ‘বিশ্ব পানি দিবস- ২০২৪’ উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
মোঃ সাহাবুদ্দিন বলেন, মানুষসহ পৃথিবীর প্রাণিকূলের জীবনধারণের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ, নিরাপদ ও সুপেয় পানি অপরিহার্য। দুষ্প্রাপ্যতা ও দূষণের ফলে বিশ্বের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ পর্যাপ্ত এবং সুপেয় পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
রাষ্ট্রপতি আরও বলেন, নদীমাতৃক বাংলাদেশে মানুষের দৈনন্দিন জীবনের নানামুখী চাহিদা পূরণসহ কৃষিকাজ, পরিবহন, মৎস্য উৎপাদন এবং নগরায়ণ ও শিল্পায়নের জন্য পানির বিকল্প নেই। পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার নদী ড্রেজিং ও ৬৪টি জেলায় খাল পুনঃখননের মাধ্যমে পানি ধারণক্ষমতা বৃদ্ধি, প্রাকৃতিক জলাধার রক্ষণাবেক্ষণ এবং নতুন জলাধার নির্মাণের কার্যক্রম অব্যাহত রেখেছে।
এ সময় পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবছরের ন্যায় এ বছরও ‘বিশ্ব পানি দিবস- ২০২৪’ উদযাপনের উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপ্রধান।
এছাড়াও অমূল্য প্রাকৃতিক সম্পদ পানির পরিকল্পিত ও পরিমিত ব্যবহার নিশ্চিতকরণে ব্যক্তি পর্যায়ে ও সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।