দেশের বাজারে রাতারাতি বেড়ে গেছে লেবুর দাম। প্রতি হালি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। তবে কোনভাবেই লেবুর হালি ৪০ টাকার বেশি হওয়ার কথা নয় বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
সোমবার (১১ মার্চ) শান্তিনগর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আমিনবাগ কো-অপারটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
এ সময় বাজারের সমস্যা সমাধানের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই এর সুফল মানুষ পাবে। আগামীকালের মধ্যে বাজারে দৃশ্যমান পরিবর্তন আসবে।
ট্রেড লাইসেন্স ছাড়া কোনো মৌসুমি ব্যবসায়ীকে ব্যবসা করতে দেয়া হবে না বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো বাজারে পণ্যে বিক্রি হবে না। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে উৎপাদন থেকে কারা পণ্যের ডিলার হবে তা নির্ধারণ করে দেয়া হবে।
ভোজ্যতেল ও চিনি প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তেলের দাম ১৬৩ টাকা ও চিনির দাম ১৪০ টাকার বেশি বিক্রি হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইনে কল দিয়ে বললে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি যেসব তেলের মিল এখনো বাজারে তেল সরবরাহ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।