চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হবে দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ। যা চলবে ১৭ মার্চ পর্যন্ত। এই সাতদিন কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে অর্থাৎ জেলা ও উপজেলা পর্যায়ে জাটকা সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
বুধবার (৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। আগামী ১১ মার্চ চাঁদপুরের মোলহেড প্রাঙ্গণে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হবে বলে জানান তিনি।
এই ৭ দিন ঢাকা মহানগরীর সকল মাছ ঘাট, আড়ৎ ও বাজারে জাটকা বিরোধী মোবাইল কোর্ট চলমান থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ইলিশের অভয়াশ্রমসহ উপকূলীয় সকল নদ-নদীতে এই সাতদিন জাটকা বিরোধী অভিযান জোরদার করা হবে। এ সময় জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রনোদনা দেয়া হবে বলেও জানান মন্ত্রী।