
ফয়সাল মাহমুদ: প্রিয় আলো: টঙ্গীর তুরাগ নদীর তীরে (আজ) শুক্রবার বাদ ফজর থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
দুপুর দেড়টায় ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজ। নামাজে ইজতেমায় যোগদানকারী দেশি-বিদেশি মুসল্লিদের সঙ্গে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার কয়েক লাখ মুসুল্লি অংশ নেন।এতে ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জোবায়ের।
জুমার নামাজে অংশ নিতে সকাল থেকে শীত উপেক্ষা করে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার মুসল্লিরা ইজতেমাস্থলে হাজির হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের ঢল বাড়তে থাকে। এক পর্যায়ে মুসল্লিদের লাইন ইজতেমা মাঠ উপচে ময়দানের পাশের কামারপাড়া রোড, বাটা রোড ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছড়িয়ে পড়ে। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা সড়ক-মহাসড়কে চটের বস্তা, খবরের কাগজ, পলিথিন বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ুন কবীর, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ ইজতেমাস্থলে জুমার নামাজে অংশ নেন।
এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম-প্রাণ মুসুল্লিদের সমাগম হয় এই বিশাল ময়দানে।