কুষ্টিয়া সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি দুর্নীতি মামলায় দোষী প্রমাণিত হন, তবে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, ‘‘বিএনপি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে খালেদা জিয়ার বিরুদ্ধে যে দূর্নীতির মামলা রয়েছে, তাকে আদালতের মাধ্যমেই নির্দোষ প্রমাণ করতে হবে। আর যদি দোষী প্রমাণিত হন, তবে আইন তার নিজস্ব গতিতে চলবে।’’
আজ সোমবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ধান গবেষণা ইনস্টিটিউট ও জেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মধ্যে বীজ বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘‘নিজের অপরাধ ঢাকতে বিচার বিভাগের বিচার মানব না এই ধরনের মানসিকতা জনগণ বরদাস্ত করবে না।’’
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান বিষয়ে তিনি বলেন, ‘‘নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে এবং বর্তমান সরকারের অধীনেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আর এই সরকারকে বাধ্য করার মতো ক্ষমতা অন্তত বিএনপির নেই।’’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘‘২০১৪ সালের নির্বাচন প্রতিহত করতে তারা সারা দেশে সহিংসতা, নাশকতা করেও নির্বাচন বন্ধ করতে পারেনি। বিএনপির সাংগঠনিক অবস্থা এখন আরো দুর্বল। বিএনপির ক্ষমতা নেই আওয়ামী লীগের মতো শক্তিশালী জনগণের দলকে আন্দোলন করে তাদের কাছ থেকে দাবি আদায় করার।’’
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট বিষয়ে তিনি বলেন, ‘‘মহাজোট আছে, থাকবে। এখানে ভাঙনের কোনো সুযোগ নেই।’’
অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।