রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীররের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে হওয়া ১১ মামলার মধ্যে ১০টিতে জামিন পেলেন তিনি।

বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে জামিনের এ আদেশ দেন।

এর আগে ১০ জানুয়ারি ঢাকার সিএমএম আদালত থেকে ৯ মামলায় জামিন পান বিএনপির মহাসচিব।

বিএনপির মহাসচিবের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় ১১টি মামলা হয়েছিল বিএনপির মহাসচিবের বিরুদ্ধে। পল্টন থানার আরও একটি মামলায় আজ তিনি সিএমএম আদালত থেকে জামিন পেয়েছেন। রমনা থানার মামলায় তিনি এখনো জামিন পাননি।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন মির্জা ফখরুল।