শনিবার (১৩ জানুয়ারি) দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গোপালগঞ্জে শেখ হাসিনার এটা প্রথম সফর। এ সফরে তিনি জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও নিজ নির্বাচনি এলাকার নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
সফরের প্রথম দিন শনিবার (১৩ জানুয়ারি) সকালে সড়ক পথে টুঙ্গিপাড়ায় যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর বিকালে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন। পরে তিনি নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন। পরদিন রোববার (১৪ জানুয়ারি) সকালে কোটালীপাড়ায় যাবেন এবং উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উপজেলা পরিষদ মাঠে মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ।
এ সফরে নবনিযুক্ত মন্ত্রী পরিষদ সদস্যরাও থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। কোটালীপাড়ায় শুভেচ্ছা বিনিময় শেষে সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।