দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে শেখ হাসিনা টানা চতুর্থবার এবং পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে পদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

নতুন ও পুরনোদের সমন্বয়ে গঠিত শেখ হাসিনার মন্ত্রিসভায় এবার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী থাকছেন। বৃহস্পতিবার দুপুরে নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন।

পূর্ণ মন্ত্রীরা হলেন- আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, ডা. দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, আবদুস সালাম, মো. ফরিদুল হক খান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নারায়ণ চন্দ্র চন্দ, জাহাঙ্গীর কবির নানক, মো. আবদুর রহমান, মো. আব্দুস শহীদ, স্থপতি ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন, মো. জিল্লুল হাকিম, ফরহাদ হোসেন, নাজমুল হাসান, সাবের হোসেন চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী।

প্রতিমন্ত্রীরা হলেন- নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, জাহিদ ফারুক, সিমিন হোসেন (রিমি), কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. মহিববুর রহমান, মোহাম্মদ আলী আরাফাত, শফিকুর রহমান চৌধুরী, বেগম রুমানা আলী ও আহসানুল ইসলাম (টিটু)।