ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা গণহত্যা মামলার শুনানি শুরু করেছে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস।

বৃহস্পতিবার থেকে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের ওই আদালতে শুনানি শুরু হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে,মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য ইসরাইলের প্রস্তুতির কাজ প্রায় শেষ। বৃহস্পতিবারের শুনানিতে ইসরাইলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সরকারের অন্যতম মুখপাত্র ইলন লেভি।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযানরত ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে গত ৩০ ডিসেম্বর বিশ্ব আদালতে মামলাটি দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা।

গাজা গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার প্রতি সমর্থন জানিয়েছে ১৪টি দেশ। দেশগুলো হলো: মালয়েশিয়া, তুরস্ক, বলিভিয়া, নিকারাগুয়া, মালদ্বীপ, ভেনিজুয়েলা, নামিবিয়া, জর্ডান, মরক্কো, ইরান, বাংলাদেশ, পাকিস্তান ও সৌদি আরব, ব্রাজিল।

জাতিসংঘের ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনকে ভিত্তি করে মামলাটি দায়ের করা হয়েছে— উল্লেখ করে আবেদনে আরও বলা হয়েছিল, ফিলিস্তিনি জাতির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই গাজা উপত্যকায় অভিযান চালাচ্ছে ইসরাইল।

গত ৩০ ডিসেম্বর মামলার আবেদন জমা দেয়ার দিন আইসিজেকে দ্রুত এ বিষয়ে শুনানির অনুরোধ করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই অনুরোধে সাড়া দিয়ে ১১ জানুয়ারি শুনানি শুরুর দিন ধার্য করেন বিশ্ব আদালত।