নাশকতার ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ এবং তার জামিন শুনানি আগামীকাল বুধবার হবে বলে জানিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে অধিকতর জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

শুনানি উপলক্ষে তাকে কারাগার থেকে এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আদালতে হাজির করা হয়। সোয়া ১টায় মির্জা ফখরুলকে এজলাসে তোলা হয়।

মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান, মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা, ওমর ফারুক ফারুকীসহ আরও অনেকেই শুনানি করেন।

গত ১৩ ডিসেম্বর মির্জা ফখরুলের এই ৯ মামলায় জামিন চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। পুলিশ তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোয় আদালত তার শুনানি গ্রহণ করেননি। এরপর তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন।

গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।