ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এ ভূ-কম্পন আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। রিখটার স্কেলে ৬.৭ মাত্রার এই ভূমিকম্পটি দেশের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে আঘাত হানে।
এর আগে গত ডিসেম্বরের শুরুতে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। ওই তিনটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে রিখটার স্কেলে ৬ দশমিক ৮, ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক ৬।