জাপানে ভয়াবহ প্রাণঘাতী ভূমিকম্পের দুদিন যেতে না যেতেই কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ আফগানিস্তান।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
বুধবার (৩ জানুয়ারি) দিনগত রাত ১২টা ২৮ মিনিটে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে পরপর দু’বার কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার এই দেশটি।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, প্রথম কম্পনের উৎস ছিল আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা থেকে ১২৬ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৪। বুধবার দিনগত রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
এর ৩০ মিনিট যেতে না যেতেই দ্বিতীয় বার কেঁপে ওঠে আফগানিস্তানের মাটি। রাত ১২টা ৫৫ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল ৪ দশমিক ৮। দ্বিতীয় কম্পনের উৎসস্থল ছিল ফয়জাবাদ থেকে ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।
তবে পরপর দু’বার ভূমিকম্পে কাঁপলেও এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত বছরের ৭ অক্টোবর দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাণ হারান দুই হাজারের বেশি মানুষ।