নতুন বছরের প্রথম ম্যাচ জয় দিয়ে রাঙিয়েছে লিভারপুল। সোমবার রাতে তারা ৪-২ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।

অ্যানফিল্ডে এদিন প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু মোহাম্মদ সালাহ পেনাল্টি কিক সরাসরি গোলরক্ষক বরাবর মেরে ধরা খান।

বিরতির পর খেলা শুরু হলে সালাহর গোলেই প্রথমবার এগিয়ে যায় লিভারপুল। ডারউইন নুনেজের অ্যাসিস্টে ডান পায়ের শটে খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেছেন তিনি।

অবশ্য ৫ মিনিটের মাথায় সমতা ফেরায় নিউক্যাসল। ৫৪তম মিনিটে আলেক্সান্ডার ইসাক দূরের পোস্ট দিয়ে গোল করে সমতা আনেন।

৭৪তম মিনিটের মাথায় কুর্টিস জোন্স গোল করে আবার এগিয়ে নেন লিভারপুলকে। এরপর ৭৮তম মিনিটে কোডি গাকপোর গোলে ব্যবধান হয় ৩-১।

৮১তম মিনিটে নিউক্যাসেলের এসভেন বটম্যান গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু ৮৬তম মিনিটে সালাহ তার জোড়া গোল পূর্ণ করে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই জয়ে ২০ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে নতুন বছরে পয়েন্ট টেবিলের শীর্ষে ভালোভাবে অবস্থান নিয়েছে অলরেডরা। সমান ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা আছে দ্বিতীয় স্থানে। ১৯ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে তৃতীয় স্থানে।

নিউক্যাসল ২০ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের নবম স্থানে।