
ছবিঃ সাইফ পাওয়ারটেক লি: এর পরিচালক তরফদার মোঃ রুহুল সাইফ মতবিনিময় করছেন।
বিশেষ প্রতিবেদক, জে. জে. চৌধুরীঃ সাইফ পাওয়ারটেক ৩২তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০১৭ উপলক্ষ্যে শুক্রবার (২০অক্টোবর) বিকেলে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ, যুগ্ম সম্পাদক ও টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল হোসেন বাদশা ও সাইফ পাওয়ারটেক লি: এর পরিচালক তরফদার মোঃ রুহুল সাইফ।
সাইফ পাওয়ারটেক এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন একজন খ্যাতিমান ক্রীড়া অনুরাগী। দেশের বিভিন্ন ক্রীরাঙ্গনে তাঁর রয়েছে সুনাম এবং সুখ্যাতি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অতি পরিচিত একটি নাম সাইফ স্পোর্টিং ক্লাব। চট্টগ্রাম আবাহনী ক্লাবের পরিচালক ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমীন, যিনি ক্রীড়া প্রেমী এবং একজন সাদা মনের মানুষ হিসেবেই আরও বেশী পরিচিত। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এই জাতীয় প্রতিযোগিতার স্পন্সর হয়েছে তাঁরই মালিকানাধীন প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।
গতকাল শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় সাঁতারুদের উপস্থিতি ও মেডিকেলের মাধ্যমে বয়সের গ্রুপ নির্ধারিত করে ফেডারেশন। বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা বালক-বালিকা ৫টি গ্রুপে (অনুর্ধ ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০) সাঁতারুরা অংশগ্রহণ করবে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়াটেক লি: এর পৃষ্ঠপোষকতায় আজ ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী সাইফ পাওয়ারটেক ৩২তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে, মিরপুরে অনুষ্ঠিত হতে হবে।
বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৩ দিনে সাঁতারে ১০০টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্ট মোট ১০৩টি ইভেন্ট এ খেলা অনুষ্ঠিত হবে।
মিরপুর সুইমিং কমপ্লেক্সে ডাইভিং পুলে স্প্রিং বোর্ড না থাকায় ডাইভিং প্রতিযোগিতা ২৩ অক্টোবর, ২০১৭ বাংলাদেশ নৌবাহিনীর ডাইভিং পুলে অনুষ্ঠিত হবে।
বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি প্রদান করা হবে। এছাড়াও সেরা সাঁতারু বালক ও বালিকাকে ব্যক্তিগত ট্রফি প্রদান করা হবে এবং সুশৃঙ্খল একটি দলকেও ট্রফি প্রদান করা হবে। এছাড়া যে সকল সাঁতারু নতুন রেকর্ড সৃষ্টি কররে তাদেরকে আর্থিক ভাবে পুরস্কার প্রদান করবে ফেডারেশন।
প্রতিযোগিতায় ১টি বিভাগীয় ক্রীড়া সংস্থা, ২৩ টি জেলা ক্রীড়া সংস্থা, ৪৫ টি সুইমিং ক্লাব, বিকেএসপি, আনসারসহ মোট ৭১টি টীমের প্রায় ৫৯০ জন বালক, ১৯৯ জন বালিকা প্রতিযোগী এবং ১২৪ জন টিম অফিসিয়াল ও ৯০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ১০০৩ জন অংশগ্রহণ করবে বলে আশা করছে আয়োজকরা।
চূড়ান্ত খেলোয়াড়ের সংখ্যা মেডিকেলের পর নির্ধারিত হবে। এ প্রতিযোগিতা আয়োজনে ব্যয় হচ্ছে প্রায় ২০ লাখ টাকা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়াটেক লি: ইতোমধ্যে ২০ (বিশ) লক্ষ টাকার চেক বাংলাদেশ সুইমিং ফেডারেশনকে প্রদান করেছে।
সকল দলের সাঁতারু ও অফিসিয়ালের যাতায়াত, থাকা, খাওয়ার খরচ বহন করবে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। মিরপুর ক্রীড়া পল্লী ১ ও ২ এবং সুইমিং কমপ্লেক্সে সাঁতারু ও অফিসিয়ালদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
আগামী সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাইফ পাওয়ারটেক লিঃ এর পরিচালক তরফদার রুহুল সাইফ।
আর শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি।