লক্ষ্মীপুরের রায়পুরে আটকের পর এক আসামিকে পুলিশ হেফাজতে মারধরের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩ জন এসআই, ২ জন এএসআই ও ২ জন কনস্টেবলকে অভিযুক্ত করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল রায়পুর আদালতের পেশকার নুরুল আলম মামলার এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, দুপুরে আদালতে এ মামলাটি করেন কারাগারে থাকা আবদুর রহিম রনির স্ত্রী। তবে মামলা নথিভূক্ত হলেও কোন আদেশ দেননি বিচারক।
বাদীর আইনজীবী আবদুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, ১৭ ডিসেম্বর দুপুরে আবদুর রহিমকে রায়পুর বর্ডার বাজার এলাকা থেকে আটক করা হয়। তখন তার কাছে কোন ধরণের অস্ত্র ও মাদক পাওয়া যায়নি। পুলিশ তাকে ধরে নিয়ে গেলেও থানা হাজতে রাখেনি। কোন একটি গোপন কক্ষে রেখে তাকে মারধর করে। পরে একইদিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। পুলিশ হেফাজতে মারধরের মামলা ও হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজ জব্দ করতে আদালতে আবেদন করা হয়েছে বলেও জানান এই আইনজীবী।
অভিযুক্তরা হলেন— রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ, নুরুল ইসলাম, মো. আবু হানিফ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সফিক মিয়া, সাখাওয়াত হোসেন এবং কনস্টেবল আতিক উল্যা ও ইউসুফ ঢালি।