ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসির আহমেদ।
এর আগে এদিন হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ওই আসনের ভোটার নাসরিন খানম এ রিট করেন। রিটে শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চাওয়া হয়।
এর আগে শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির। তবে তার আবেদন নামঞ্জুর করে ইসি।