আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।
মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন রাজধানীর মোহাম্মদপুর ৩২নং ওয়ার্ড ও লালমাটিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
নানক বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দিতামূলক হবে। বিএনপি-জামায়াত নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। দেশের জনগণ কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে অপশক্তিকে রুখে দিবে।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের এ নেতা বলেন, নির্বাচন অবশ্যই প্রতিদ্বন্দ্বিতমূলক হবে। সব প্রার্থীকে প্রতিদ্বন্দিতা করেই নির্বাচনে জয়ী হতে হবে। তাই নির্বাচনের প্রতিযোগিতায় প্রার্থীদের সহিংসতায় না জড়ানোর অনুরোধ জানান নানক।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য সাদেক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নেন।