দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরের যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে রংপুরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। আজ সকাল ১০টার কিছু পর রওনা দেন তিনি।
জানা গেছে, সকাল ১০টা ৪০ মিনিটের অন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে ফ্লাইটে সৈয়দপুর যাবেন আওয়ামী লীগ সভাপতি। সেখান থেকে তিনি সড়ক যোগে রংপুরের তারাগঞ্জ ওয়াকফস্টেট সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পরে প্রধানমন্ত্রী পীরগঞ্জে তার শ্বশুরবাড়ি জয় সদনে যাবেন। সেখানে স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন।
বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
এরই মধ্যে প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর প্রশাসন।
জনসভাকে ঘিরে মাঠসহ আশেপাশের এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। পোশাকি ও সাদা পোশাকের বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে দুটি এলাকাতেই। প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে সৈয়দপুর থেকে পীরগঞ্জ পর্যন্ত সড়ক মহাসড়কগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তায় নিয়েছে আইন শৃঙ্খলাবাহিনী।