ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে উঠতে হলে লিভারপুলের বিপক্ষে ড্র করতে পারলেই হবে আর্সেনালের। অপরদিকে টেবিলের তৃতীয় অবস্থান থেকে শীর্ষে উঠতে লিভারপুলের ম্যাচটি জেতার বিকল্প নেই। এর পরিসংখ্যান সামনে রেখে ঘরের মাঠে গানারদের বিপক্ষে জিততে পারেনি লিভারপুল। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে অলরেডদের। ফলে শীর্ষে থেকেই বছর শেষ করলো আর্সেনাল।

শনিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে আর্সেনালের বিপক্ষে লিগের শততম ম্যাচ খেলতে নেমেছিল লিভারপুল।
অ্যানফিল্ডে রোমাঞ্চকর ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিক দল। মার্টিন ওডেগারের ফ্রি-কিক থেকে দারুণ হেডে আর্সেনালের খাতা খুলেন গ্যাব্রিয়েল।

ম্যাচের ২৯তম মিনিটে মোহাম্মদ সালাহর গোলে সমতায় ফেরে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এরপর হাড্ডাহাড্ডি লড়াই হলেও আর কোনো গোল পায়নি কেউই। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়তে হলো স্বাগতিকদের।

চলতি মৌসুমে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। অপরদিকে সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। ৩৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা।