লিবিয়া থেকে ২৭ জন বাংলাদেশিসহ ১৪০ জন অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরত আনা হয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা। এ সময় আইওএম’র পক্ষ থেকে তাদের প্রত্যেককে পাঁচ হাজার ৯১৯ টাকা এবং খাদ্যসামগ্রী দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কল্যাণ) মোস্তফা জামিল খান ফেরত আসা অভিবাসীদের বাড়িতে ফিরে যাবার পর লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রতিবেশী ও আত্মীয় পরিজনদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন।

এর আগে জুলাই মাস থেকে লিবিয়ার ত্রিপলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটকসহ বিপদগ্রস্ত মোট ৯৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। লিবিয়ায় বিপদগ্রস্তসহ বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম যৌথভাবে কাজ করছে।