ক্রীড়া প্রতিবেদক: মাঠে বসে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার খেলা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়ের পরপরই প্রেসিডেন্ট বক্সে দাঁড়িয়ে লাল-সবুজ পতাকা হাতে বিজয় উল্লাস করেছেন।

পুরস্কার বিতরণীর পর ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে ছুটে যান ড্রেসিং রুমে। সেখানে ক্রিকেটাদের প্রত্যেককে আলাদা করে ডেকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সাকিব, তামিম, মুশফিককে নিয়ে আলাদা করে কথা বলেন। সাকিবের কান ধরে খুনসুটি করেছেন বলে জানা গেছে। দলের পাশাপাশি টিম ম্যানেজম্যান্টকেও অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট পাগল প্রধানমন্ত্রী। সে সময়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপরারেন্স কমিটির প্রধান আকরাম খান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন ম্যাচসেরা সাকিব আল হাসান ও দলপতি মুশফিকুর রহিম। সাকিবের কাছে প্রধানমন্ত্রীর উপস্থিতি ও অনুপ্রেরণা নিয়ে জানতে চাইলে বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় আমাদের সাপোর্ট দেন। ক্রিকেট অনেক পছন্দ করেন।  উনি বললেন, কালকেও আসতে চেয়েছিলেন, ব্যস্ততার কারণে আসতে পারেননি। পাপন (নাজমুল হাসান) ভাই বলেছে দুই এক ওভার পেতে পারেন, তখন আর আসেননি। দলের জন্য এমন সাপোর্ট সবসময় দরকার। আমাদের এটা উৎসাহ দেয়। আমরা সবাই জানি, পুরো দেশ আমাদের সাথে আছে।’