ফরমায়েশি সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার না করলে গণআন্দোলন তীব্র থেকে তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ, সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার গঠন, সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতসহ বিরোধীদলসমূহ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। অথচ সরকার যেনতেনভাবে আরেকটি পাতানো নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করতে চায়। জনগণ সরকারের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবে না।
নূরুল ইসলাম বুলবুল বলেন, সম্প্রতি প্রায় প্রতিদিনই বিরোধী দলীয় নেতাকর্মীদের অভিযুক্ত করে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক ফরমায়েশি রায় দেওয়া হচ্ছে। ১০ বছর আগের মিথ্যা মামলায় জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদকে নূন্যতম আইনের সুযোগ না দিয়ে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত রায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্বাচন থেকে দূরে রাখা ও নির্বাচনে অযোগ্য করার জন্য এই ধরনের ফরমায়েশি রায়ের আশ্রয় নিয়েছে সরকার।
তিনি বলেন, দেশে নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই। চলমান আন্দোলনকে বাধাগ্রস্থ করতে সরকার নানামুখি ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নিয়েছে। দেশের জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এই স্বৈরাচারি সরকারের পতন নিশ্চিত করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সকলের অংশগ্রহনে অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের কোন বিকল্প নেই।
অবিলম্বে এ ধরণের ন্যায়ভ্রষ্ট ফরমায়েশি সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অন্যথায় গণআন্দোলন তীব্র থেকে তীব্রতর করার মাধ্যমেই জনগণ তাদের আইনানুগ ন্যায্য অধিকার আদায় নিশ্চিত করবে ইনশাআল্লাহ।