দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে পুলিশের ১০ কর্মকর্তা ও এক জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১০ ডিসেম্বর) সিলেট ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ৫ জেলার পুলিশ সুপার, তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।
কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আলাদা চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে জানানো হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার ইলিয়াছ শরীফ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলমকে প্রত্যাহারের সিদ্ধান্ত দেয়া হয়েছে। এছাড়া, গাজীপুরের শ্রীপুর, মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানার ওসিকে অন্য জেলায় বদলির কথা বলা হয়।