নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার দাপায় রহমত উল্লাহ কোল্ড স্টোরেজ, ধর্মগঞ্জে শাহীন অ্যান্ড ব্রাদার্স এবং আদর্শ কোল্ড স্টোরেজে এ অভিযান চালানো হয়।

এ সময় শাহীন অ্যান্ড ব্রাদার্স নামে কোল্ড স্টোরেজের ভেতর ৫ লাখ ৯১ হাজার পিস ডিম মজুদ করা দেখতে পায় তারা। পরে মালিক তাজুল ইসলাম ও মাসুদুর রহমান মাসুদকে ডিমগুলো কোল্ড স্টোরেজ থেকে বের করে দ্রুত বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ডিমগুলো জব্দ করে বাজারে সরবরাহ করবে।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস।

এ সময় উপস্থিত ছিলেন, অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস জানান, সরকার ডিমের আমদানির অনুমতি দেওয়ার পর থেকে এর দাম কমতে শুরু করে। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম মজুদ করা শুরু করেছেন এমন প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে আবার ডিমের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা। তাদের এ অপচেষ্টা প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, সারাদেশে কেউ ডিম মজুদ করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ব্যবস্থা নেবে। অসাধু ডিম ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।