ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীর একটি টানেলে ১৭ দিন আটকে থাকার পর অবশেষে মুক্তি পেলেন ৪১ জন শ্রমিক। সিল্কিয়ারা নামক সেই টানেলে ধস নামায় তারা আটকে পড়েছিলেন।

মঙ্গলবার রাতে একে একে তাদের সেখান থেকে বের করে আনা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রাত পৌনে নয়টার দিকে শেষ হয় উদ্ধার কাজ। ঘণ্টাব্যাপী এই উদ্ধার অভিযানে সবাইকে নিরাপদে বের করে আনা হয়। এতে স্বস্তির নিশ্বাস ফেলেছেন স্বজনরা।

উদ্ধার হওয়া শ্রমিকদের নিকটস্থ অস্থায়ী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারের পর শ্রমিকদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দলের পাশাপাশি ৪১টি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছিল। যাতে প্রয়োজনে শ্রমিকদের হৃষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে নিয়ে যাওয়া যায়।

এর আগে, গত ১২ নভেম্বর উত্তরাখণ্ডে একটি নির্মাণাধীন সুড়ঙ্গে ধস নামলে তাতে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। এরপর থেকেই তাদের উদ্ধারের তোড়জোড় শুরু হয়।