আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আলহাজ মোরশেদ আলম। তিনি বর্তমানে এই আসনের সংসদ সদস্য এবং সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেন।

মোরশেদ আলম বলেন, আমি গত দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। প্রধামন্ত্রীর সহযোগিতায় সেনবাগে ব্যাপক উন্নয়ন করেছি। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট থেকে শুরু করে সেনবাগে মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা ঠিক রেখেছি।

তিনি আরও বলেন, গত ১০ বছরে সেনবাগে কোনো খুন, দাঙ্গা-হাঙ্গামা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও আমার ওপর আস্থা রেখেছেন। সংসদ সদস্য হলে সেনবাগে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।